ছয় সদস্যের আইজেএসও দল ঘোষণা

২৭ সেপ্টেম্বর, ২০১৯ ২১:০২  
মধ্যপ্রাচ্যের খনিজ সম্পদ সম্পন্ন দেশ কাতারের দোহায় আগামী ৩ থেকে ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ১৬তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও-২০১৯)। এই আয়োজনে অংশ নেয়ার জন্য ছয় সদস্যের বাংলাদেশ দল নির্বাচন করেছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি। নির্বাচিত শিক্ষার্থীরা হলেন- মুহতাসিন আল ক্বাফি (বরিশাল ক্যাডেট কলেজ, বরিশাল), অভিষেক মজুমদার সন্তু (বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা), কাজী তাসফিয়া জাহিন (‎মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ), জাকিয়া তাজনূর চৌধুরী দিয়া (ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ, সিলেট), জুহায়ের মাহদিউল আলম আশফি ( ময়মনসিংহ জিলা স্কুল, ময়মনসিংহ) এবং আহমেদ আল-জুবায়ের আনাম (গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, গাইবান্ধা)। অনূর্ধ্ব ১৬ বছর বয়সী শিক্ষার্থীরা অংশ নেয় আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে। বিগত ২০১৫, ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে যথাক্রমে দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, নেদারল্যান্ডস ও বতসোয়ানাতে আয়োজিত আইজেএসওতে অংশ নেয়া বাংলাদেশ দলের এ যাবত অর্জন মোট ৬টি সিলভার ও ১১টি ব্রোঞ্জ পদক।